দিনাজপুরে ৭ দফা দাবিতে জাগপা’র স্মারকলিপি প্রদান


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র ৭ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবত হয়ে কেন্দ্রীয় জাগপার সহ-সভাপতি মাহাবুব আলম ননি এবং কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম এর নেতৃত্বে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করেন জাগপার নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রহমান, দপ্তর সম্পাদক মো. জামান, সদস্য শহিদুল ইসলাম, যুব জাগপার সহ সাধারণ সম্পাদক মো. মাহামুদ হাসান, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক ওয়াসেফ রহমান রাফী, জাগপা ছাত্রলীগের সভাপতি আল-আমিন শুভ, দিনাজপুর মহিলা জাগপার সভাপতি মোছা. রেণু রহমান প্রমুখ।
কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম বলেন, আমরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা কে জানাতে চাই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা তখন থেকেই আকাশচুম্বী। বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়। একই সাথে ভবিষ্যতে স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, দুঃশাসন, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চায়। দেশের ইতিহাসে প্রথমবারের মত আমরা সুযোগ পেয়েছি জনগণের আস্থা ফিরিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করার। আমরা বিশ্বাস করি জাগপা উত্থাপিত ৭ দফা দাবি পূরণ করে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে, বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হবে। তাই আমরা দেশের জনগণের পক্ষ থেকে ৭ টি দাবি উল্লেখ করছি এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছি । দাবিগুলো হলো-
জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন; শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ; সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ; আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ; জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ; উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।
