সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের কাপ-আপ প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ আজ বুধবার সকাল ১০টায় প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কাপ-আপ প্রকল্পের ১৪টি শিখন কেন্দ্র পরিচালনা কমিটি (সিএমসি) থেকে ২৫ জন সদস্য অংশ নেন। কর্মশালাটি সৌদি আরবের কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের যুগ্ম পরিচালক ও কাপ-আপ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান। কর্মশালা পরিচালনা করেন কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম। তিনি তাঁর আলোচনায় কাপ-আপ প্রকল্পের দাতা সংস্থার চুক্তির মেয়াদ শেষে প্রকল্পের প্রাক-প্রাথমিক শিক্ষা স্থানীয় অনুদানে কার্যক্রম চলমান রাখা, কেন্দ্র পরিচালনায় একটি নির্দিষ্ট পরিমাণ কমিউনিটি কন্ট্রিবিউশনের উৎস থেকে অর্থ সংগ্রহ ও শিখন কেন্দ্র পরিচালনার ওপর ধারণা দেন। এ সময় কর্মশালায় অংশগ্রহণকারীরাও প্রকল্পের স্থায়ীত্বকরণে গঠনমূলক প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন।
কর্মশালার আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২০২১ সাল থেকে নীলফামারীর সৈয়দপুর পৌরশহরের বস্তি এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশনের সেক্টরের কাপ-আপ প্রকল্পের মাধ্যমে শিখন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের মাধ্যমে শহরের ২৬টি শিখন কেন্দ্রে
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ শিখন কার্যক্রমে সৌদিআরবের কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থায়ন করছে। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম স্থানীয় অনুদানে পরিচালনায় শিখন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের করণীয় অবহিতকরণ ও সহযোগিতার বিষয়ে এ কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ-আপ প্রকল্পের কো-অর্ডিনেটর (পরিবীক্ষণ ও মূল্যায়ন) শেখ শফিকুর রহমান, সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন ও বিল্লাল হোসাইন প্রমুখ।
