বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে যাত্রীর জন্য সড়কে অপেক্ষা করার সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে বিরামপুর পৌরশহরের ঢাকামোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ৬নং ওয়ার্ডের চক শাহাবাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ওই মহাসড়কে ফুলবাড়ী-বিরামপুর রুটে নিয়মিত ইজিবাইক চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বুধবার সন্ধা ৬টার দিকে ইজিবাইক চালক আতিয়ার রহমান বিরামপুর পৌরশহরের ঢাকামোড়ে সড়কের পাশে তাঁর ইজিবাইক দাঁড় করে ফুলবাড়ী যাওয়ার জন্য যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আতিয়ার রহমান মহাসড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা থেতলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে, খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, আজ বুধবার সন্ধায় বিরামপুর ঢাকামোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This