বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ বছর সাজার ভয়ে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর ধরে পলাতক ছিল এক মাদক মামলার আসামী। তথ্য প্রযুক্তির সহায়তায় ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ । আজ বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত বাবু (৫০) পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার জনাব আলীর ছেলে।
এর আগে গত বুধবার রাতে ঢাকার গুলিস্থান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার সকালে বিরামপুর থানায় নিয়ে আসেন।
বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার বাবু (৫০) নামে ওই ব্যাক্তীর বিরুদ্ধে ২০০৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ঐ মামলায় হাজিরা না দিয়ে তিনি ২০ বছর পলাতক ছিলেন।
বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত বাবুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই মামলার গ্রেফতারি পরোয়ানা ছাড়াও পুলিশের নিকট তার নামে আরো ৫টি পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ধৃর্ত ওই আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন ও সহকারি উপ-পরিদর্শক মিয়া গত বুধবার রাতে ঢাকার গুলিস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বিরামপুর থানায় নিয়ে আসেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দীর্ঘ অনুসন্ধানের পর তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আসামি বাবুকে চৌকষ পুলিশ দল ঢাকা থেকে গ্রেফতার করে । আজ বৃহস্পতিবার তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This