বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বড়শিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে বড়শিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাফিজুল ইসলাম হাবিব (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়ায় ছোট যমুনা ও তিলাই নদীর মোহনায় বুড়ির থান নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত হাবিব ওই গ্রামের শহীদুল ইসলামের ছোট ছেলে ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিব দীর্ঘদিন থেকে মানসিক ও মৃগী রোগী ছিলো। পরিবারের বাধা সত্বেও প্রায় নদীতে মাছ ধরতে যেত। আজ নদীতে বড়শিতে মাছ ধরতে গিয়ে বড়শি পানিতে আটকে গেলে তা ছাড়াতে পানিতে নামে হাবিব। এমন সময় মৃগী রোগে আক্রান্ত হলে পানিতে ডুবে যায়। এসময় দুই শিশু দেখে বাড়িতে খবর দিলে লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই স্থানীয়রা তাকে খুঁজে পায়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লিডার উপেন্দ্রনাথ রায় জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This