দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিএ জেলা সার্কেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বিআরটিএ জেলা সার্কেলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারী সবারই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। সড়ক নিরাপত্তা আইন ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এ.টি. এম ময়নুল হাসান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফজলুল রশিদ, ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ, জিন্নাত হোসেন, আবুল কাসেম, ফখরুল আহসান পলাশ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এরশাদুজ্জামান মোল্লা প্রমুখ।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পরবর্তী জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।
