বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

হিলি প্রতিনিধি
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সবজি বাজারে অভিযান চালিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা না রাখা, বেশি দামে বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি দোকানে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মো. সাব্বির হোসেন।
অভিযান চলাকালে বিচারক মো. সাব্বির হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। বাজারে যাতে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না পায় এবং ব্যবসায়ীরা নিয়ম মেনে মূল্যতালিকা প্রদর্শন করেন সেজন্য জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, কিছু দোকানদার মূল্য তালিকা প্রদর্শন না করে অনিয়ম করছিলেন। তাদের সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ক্রেতাদের স্বস্তি ফেরাতে আমাদের অভিযান নিয়মিত চলবে।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বাজারের অন্যান্য দোকানদারদের মধ্যেও সতর্কতা দেখা যায়।
স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং ও নজরদারি থাকলে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This