বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজে ক্যান্সারের মতো ভয়াবহ -হাবিপ্রবি ভিসি ড. এনামউল্যা

দিনাজপুর প্রতিনিধি
হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেছেন, নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজে ক্যান্সারের মতো এক ভয়াবহ ব্যাধি। যা প্রতিরোধে সমুষ্ঠিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী-পুরুষ সবাইকে সমান দৃষ্টিতে দেখা অপরিহার্য যা সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করবে। যেখানে থাকবে না কোন বৈষম্য। নারীর বিষয়ে সমাজের পুরুষের বিশেষ করে তরুণ সমাজের যে প্রচলিত দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা, তা থেকে আধুনিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সচেতনতার প্রয়োজন। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে সব ক্ষেত্রে সম-অংশগ্রহণের সুযোগ করে না দিলে এবং নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ না হলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক প্রচেষ্টা অপরিহার্য।
আজ সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১নং অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্বমানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষ্যে ‘নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতাসহ সাইবার সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার’ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা এ কথা বলেন।
হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি অধ্যাপক অর্চনা অধিকারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবিনা আকতার।
অনুষ্ঠানের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘‘সাইবার বুলিং ও সামাজিক দৃষ্টিভঙ্গি, নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়’’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশগ্রহণ করেন হাবিপ্রবি শিক্ষার্থী নাফিসা তাবাসসুম, প্রশান্ত মল্লিক আর্নিকা। বিপক্ষে দলে মনিরুজ্জামান, সামসুননাহার মম ও সাফি। বিচারক ছিলেন হাবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অর্চনা অধিকারী, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ এবং হাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. কবির আব্দুল্লাহ্। বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন হাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটির সভাপতি সৈয়দ নবী হোসেন (অলিপ)। শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This