

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিরলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নানা কর্মসূচী পালিত হয়েছে।
এসব কর্মসূচীর মধ্যে উপজেলার দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, ব্যানার ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভসূচনা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন ইত্যাদি। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মানববন্ধন, দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। সবশেষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মো. মনছুর আলীর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান। অন্যান্যদের মধ্যে সহসভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালাম, প্রভাষক অমিত কুমার বসাক, শিক্ষিকা আরিফা বেগম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলে।
