বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সম্মননা পেলেন ১০ অদম্য নারী

দিনাজপুর প্রতিনিধি
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে সম্মাননা পেলেন ১০ জন অদম্য নারী।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য নারীদের এই সন্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ শরীফ। এছাড়াও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, গাইণী বিশেষজ্ঞ ডা. মমতাজ বেগম পলি, এনজিও প্রতিনিধি সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, শাহনাজ শিরিন, সমাজসেবক নাজমা মসিরসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অদম্য নারীবৃন্দ।
আলোচনা পর্বশেষে দিনাজপুর জেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী ৫ জন ও সদর উপজেলার ৫ জন অদম্য নারীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সংবর্ধনাপ্রাপ্ত জেলা পর্যায়ের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টির মোছা. সালেহা আমান, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনে বীরগঞ্জের সুলতানা রাজিয়া, সফল জননী নারী দিনাজপুর শহরের বালুবাড়ির মোছা. নুরবানু কবির, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় দিনাজপুর সদর উপজেলার শংকরপুরের মোছা. চম্পা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বোচাগঞ্জ উপজেলার মোছা. ছাবিনা ইয়াসমিন। এছাড়াও সদর উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন তিনি।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This