বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ব্যানার-পোস্টারে দুর্নীতিবিরোধী নানা বার্তা প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. নজমুল হক। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি দমনে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যের বাস্তবায়নেই গড়ে উঠবে আগামীর সৎ ও স্বচ্ছ বাংলাদেশ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং সচেতনতা তৈরিতে অংশ নেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This