বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভয় ও ভীতির উর্দ্ধে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে -ব্যারিস্টার কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
ভয় ও ভীতির উর্দ্ধে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে এবং দল মত নির্বিশেষে সততার সাথে এই পেশা ধরে রাখতে হবে। চোখ রাঙ্গিয়ে কেউ কথা বললে তার জবাবও দিতে হবে। আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ।
তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে কলম চালানোর আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।
ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সহসভাপতি আজিজুল হক সরকার, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ ছাড়া বিকেলে একই স্থানে তিনি শিক্ষক সমাজের সাথেও পৃথকভাবে মতবিনিময় সভা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This