দিনাজপুর ইনস্টিটিউটে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি কে সংবর্ধনা


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-কে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়েছে ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউট।
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দিনাজপুর ইনষ্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী এবং সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনষ্টিটিউট এর সাধারণ সম্পাদক বাবু সুনীল চক্রবর্তী।
আতিকুর রহমান নিউ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সদস্য মোঃ মোকাররম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বার্স অফ কমার্স এর সাবেক সভাপতি হুমায়ুন কবীর শামীম এবং নগর উন্নয়নের জন্য বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সদস্য আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দিনাজপুর সদর-৩ আসনকে নতুন আঙ্গিকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাজানোর উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। সময়োপযোগী পরিকল্পনা ও জনগণের সম্পৃক্ততায় দিনাজপুরকে উন্নয়নের নতুন ধারায় এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পূর্বে তিনবার দিনাজপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, এখন জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ এসেছে—এ সুযোগকে কাজে লাগিয়ে দিনাজপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান। এজন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
নগর উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য দিনাজপুর ইনস্টিটিউটের সদস্য আবুল কালাম আজাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দিনাজপুরকে আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে। নতুন নেতৃত্বের হাত ধরে সেই প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি আব্দুস সামাদ সমাপনী বক্তব্যে নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে দিনাজপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া পরিচালনা ও ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উন্নয়ন প্রত্যাশা, পারস্পরিক সম্মান ও জনসম্পৃক্ততার অঙ্গীকারে এ সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরের সামাজিক পরিমণ্ডলে একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।
