মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১

ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)। গতকাল রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌর শহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে বিকল হয়ে পড়ে। তখন সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় দ্রুতগতিতে বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কার ফলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সময় আহত অবস্থায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS