বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে নারীর মরদেহ উদ্ধার


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা খেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের দেওলি গ্রামের খুনিয়া বাজার সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে বিকৃত অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মৃত ওই নারীর নাম খুকি আক্তার (৩৫), তিনি দেওলি খুনিয়া পাড়ার বাসিন্দা মো. নবী ইসলাম স্ত্রী।
আজ শনিবার দুপুরে খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলের পৌঁছে মরদেহ উদ্ধারসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিষ্কার হবে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
