বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল

বগুড়া প্রতিবেদক
বগুড়া শহরের জামিলনগর জান-ই সাবা হাউজিং কমপ্লেক্স এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে মেসার্স সায়েম ট্রেডার্সের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বগুড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় সদর থানার পুলিশও সেখানে উপস্থিত হয়।সায়েম ট্রেডার্সের পরিচালক ডা. আবদুর রব রায়হান জানান, বিদেশসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা খেজুর এখানে বাছাই ও রিপ্যাকিং করে প্যাকেটজাত করা হতো। তিনি বলেন, “হাসপাতাল থেকে বাসায় এসে খাওয়ার সময় তার আম্মুর কাছ থেকে শুনতে পান গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে এসে দেখেন বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে। তিনি আরও জানান, গুদামের ছাদে থাকা প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন পুড়ে গেছে। ভেতরে থাকা এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর, দুটি অত্যাধুনিক প্রযুক্তির বিদেশি প্যাকেজিং মেশিন এবং একটি পিকআপ ভ্যান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আরও একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তিনি ধারণা করছেন।
পরিদর্শনকালে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, এই ঘটনায় কোনো হতাহত হয়নি এবং প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। তবে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এ প্রসঙ্গে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS