

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুর দিঘীর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক ফরিদ মিয়া (৪৮) সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে ও যাত্রী রোস্তম আলী (৩০) সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসময় ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করা হয়েছে । হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
