

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ঝড়ে গাছ ভেঙে পড়ে প্রতিপক্ষের একাধিক গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ দাবি করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সৎ ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ক্ষতি পূরণ চাওয়া ভাই ও তার ছেলেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দ্বারা পিটিয়ে জখম করেছে অপর সৎ ভায়েরা। এতে গুরুতর আহত বাবা ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের মৃত জিয়ার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৩) ও তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্ত (২৯)। তাঁদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে জাহাঙ্গীর আলমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় তার সৎ ভাই আব্দুর রশিদ রকেট (৪৪), রতন (৪০) ও সাদ্দাম হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই মিজানুর রহমানের সঙ্গে তাঁদের সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে অভিযুক্ত পক্ষের একটি গাছ পড়ে জাহাঙ্গীর আলমের কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চাইলেও কোন আলোচনা না করেই গায়ের জোরে ক্ষতিগ্রস্ত গাছ আরও নষ্ট করে তাদের পড়ে যাওয়া গাছ কেটে নেয় অভিযুক্তরা। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলমকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এসময় তার ছেলে শাহাজাহান হোসেন শান্ত বাবাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে ও কামড়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগকারী মিজানুর রহমান জানান, মূলত জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। অতর্কিত হামলায় আহত জাহাঙ্গীর আলমের অবস্থা অবনতি হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বুকে আঘাতের কারণে ৬টি সেলাই দিতে হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
