×

বাবার চোখের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেল মেয়ের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দাওয়াত খাওয়ার জন্য বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে নানির বাড়িতে বিরামপুর উপজেলার বেপারিটোলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা ও তার বাবা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সময় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জ স্বপ্নপুরী পিকনিক স্পট যাওয়ার একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঈদের আনন্দ মুহুর্তেই মর্মান্তিক ঘটনায় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।