

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারীর ছেলে সন্তান প্রসবের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।
উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বরহানগর গ্রামের আব্দুল হালিম এর স্ত্রী মোছা. রিতা জানান, একজন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারী যার বয়স আনুমানিক ৩৫ বছর এবং তিনি গর্ভবতী ও অসুস্থ অবস্থায় প্রায় এক সপ্তাহ পূর্বে এলাকায় ঘোরাফিরা করছিলেন। তাঁর সাথে কথা বলতে চাইলেও স্পষ্ট কোন কিছু বলতে পারতেন না। তাঁর প্রসব বেদনা বৃহস্পতিবার রাতে শুরু হলে শুক্রবার সকাল ৭ টায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করে। নবজাতক শিশুটিকে দত্তক বা লালন-পালনের উদ্দেশ্যে নেয়ার জন্য বিভিন্ন ব্যক্তি আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ভীড় করছেন।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখাকালীন মা ও নবজাতক সন্তান চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।
