

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনে দিনাজপুরের হিলির অদূরে ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজ দেশের ৫ নাগরিককে পুশইন বা ঠেলে বাংলাদেশে দেওয়ার চেষ্টা করলে জানতে পেরে রুখে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
আজ শনিবার ভোর রাত্রী আনুমানিক ৩টার সময় ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির টহল সদস্যরা তাদের উপস্থিত জানতে পেরে তা রুখে দেয়। পর তাদের (ভারতীয় নাগরিক) সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।
অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শনে গিয়েছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্য (জনবল) বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো ভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন বা ঠেলে দিতে না পারে।
তিনি আরও জানান, এই মুহুর্তে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তবে আমরা কোনো কিছুকেই ছোট করে দেখছি না। ওই এলাকায় টহল ও পোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
এছাড়া অরক্ষিত সীমান্ত গুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবি কঠোর নজরদারি রাখছে বলেও জানান তিনি।
