

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে তাপস রায় (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার গ্রামের মহেন চন্দ্র রায়ের ছেলে তাপস রায়। আজ বুধবার নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তাপস রায় মোটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বাসায় ছিলো। কাজ কর্ম না করায় তার বাবা ছেলেকে প্রায়ই গালমন্দ করত। তাপস বাবার গালমন্দ সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাতের কোন এক সময় নিজ শয়ন ঘরে লোহার অ্যাঙ্গেলের সাথে গলায় নাইলনের রশিতে ফাঁস নেয়। সকালে বাবা মহেন চন্দ্র রায় ছেলের শয়ন ঘরের দরজা খুলে দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আত্মহত্যার বিষয়টি জানা যায়। পরে খবর পেয়ে সকাল ১০টায় বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মৃতের পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
