

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন চিকিৎসা নিতে হাসপাতালে আসার সময় সঙ্গে নিয়ে আসেন তাকে কামড় দেওয়া মৃত সাপটিও।
আজ শনিবার দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে শনাক্ত করে আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক এন্টিভেনাম প্রদান করেন। অপরদিকে, একই দিন পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক (২০)।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটি মেরে সেটি সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসকরা সাপটি দেখে প্রাথমিকভাবে এটিকে বিষধর কোবরা বলে শনাক্ত করেন এবং দ্রুত এন্টিভেনাম প্রয়োগ করেন।
একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে পাট কাটার সময় উমর ফারুক সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।
নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, “আমার ছেলে বাসার খড়ির ঘরে কাজ করছিল। এ সময় একটি সাপ এসে তার পায়ে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে ডাক্তাররা ইনজেকশন দিয়েছেন। এখন সে সুস্থ আছে।”
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, “শনিবার সাপে কাটা দুইজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল। তাই তাকে এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগী উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
