

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজালাল মিয়া (৫০) ওই গ্রামের মৃত. নিয়ামতউল্যা শেখের ছেলে। তিনি বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার বড় ভাই বড়ভাই মৃত. শাহ জামালের ছেলে গোলাম হোসেন (৩৫) ঘটনার পর থেকে পলাতক।
নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি শয়ন কক্ষে আর বারান্দার ঘরে তার স্বামী ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে গোঙানির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়।
পরে বাইরে বের হয়ে তিনি স্বামীর ঘর থেকে গোলাম হোসেনকে পালিয়ে যেতে দেখেন এবং ঘরে স্বামীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
নিহতের ছেলে পাঞ্জু মিয়ার অভিযোগ, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। স্ত্রীকে তিনি প্রায় মারপিট করতেন। এসব বিষয় নিয়ে তার বাবা শাহ জালাল প্রায়ই ভাতিজাকে শাসন করতেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে আঘাত করে। এ কারণে তার স্ত্রী ঢাকা চলে যায়। ধারণা করা হচ্ছে এসব কারণে ক্ষিপ্ত হয়ে গোলাম হোসেন তার বাবাকে খুন করেছে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে , তবে হত্যার কারণ ও অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
