

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮টি অ্যাম্পল ইনজেকশন সহ তিন মাদক সেবনকারী ও মাদকদ্রব্য হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ রোববার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ জহুরুল ইসলাম ওরফে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো. মমিন হোসেনের ছেলে।
অপরদিকে, পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ত্রিপুরা গ্রামের মৃত শাহিনুর মোল্লার ছেলে তুহিন মোল্লা (২২) এবং হাকিমপুরের মধ্য বাসুদেবপুর রাজধানী মোড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক কাটানীর ছেলে মো. রফিকুল ইসলাম কাটানী (৪৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তুহিনের কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং রফিকুলের কাছ থেকে ৮টি অ্যাম্পল ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এই বিশেষ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি আজ রোববার দুপুরের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
