

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান (১৫) ওই এলাকার শরিফুল ইসলাম (৪০) এর ছেলে।
খবর পেয়ে বিকেলে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে। ঘটনা নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন বাবা শরিফুল ইসলাম ও তার ছেলে নুরুজ্জামান (১৫)। ছেলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শরিফুল ইসলাম শাবল দিয়ে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় স্থানীরা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেখান থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়।
রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
