×

গাইবান্ধায় ইসলামী এজেন্ট ব্যাংকে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি ইসলামী এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ২০২২ সাল থেকে মেয়াদি আমানত (এফডিআর) করার কথা বলে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকের মূল হিসাবে জমা না দিয়ে ভুয়া জমা স্লিপ ও কাগজপত্র দেওয়া হয়।
সম্প্রতি কয়েকজন গ্রাহক এফডিআরের টাকা উত্তোলনের চেষ্টা করলে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যাচাই করে জানতে পারেন, তাদের নামে কোনো এফডিআর হিসাব খোলা হয়নি। পরে যাচাই-বাছাইয়ে অন্তত ৪৪ জন গ্রাহক প্রতারণার শিকার হওয়ার তথ্য পাওয়া যায়। ক্ষতিগ্রস্তদের হিসাব অনুযায়ী, আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
পরে ব্যাংক কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্ষতিগ্রস্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে অভিযুক্ত ক্যাশিয়ার ও পিওন অভিযোগ স্বীকার করে পর্যায়ক্রমে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং ক্ষতিগ্রস্তদের নামে ব্যক্তিগত চেক প্রদান করেন বলে ভুক্তভোগীরা জানান।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নামে ব্যাংকের মূল সিস্টেমে কোনো এফডিআর হিসাব না থাকায় এ অর্থের দায়ভার ব্যাংক নেবে না। তবে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় তথ্য ও আইনগত সহযোগিতা দেওয়া হবে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।