

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলার টুপিরহাট এলাকার আজিবর রহমান। গত ৩-৪ বছর ধরে কীটনাশক ব্যবসার পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে গাছের চারা উৎপাদন শুরু করেন। পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা অব্যাহত রাখেন। সেই চেষ্টা থেকেেই প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে বেগুন ও মরিচ চাষ করে তিনি। এতেই ভাগ্য বদলে যায় আজিবরের। অর্জন করেন শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা স্মারক।
আজিবর রহমান বলেন, আমি নিজ উদ্যোগে আধুনিক মালচিং পদ্ধতিতে ৫৫ শতক জমিতে মরিচ ও বেগুনের চাষ শুরু করি। পরে আমার চাষ দেখে কৃষি অফিস থেকে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মরিচ ও জৈব সবজি উৎপাদনের প্রদর্শনী দেয়।
শ্রেষ্ঠ কৃষক হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কৃষি অফিস থেকে অনেক প্রদর্শনী দিয়েছে কৃষকদের। স্যারেরা তাদের প্রদর্শনী গুলো দেখেছে কিন্তু আমার মতো ভালো হয়তো, কেউ করতে পারেনি। তাই আমাকে শ্রেষ্ঠ কৃষক হিসেবে নির্বাচিত করে ।
আজিবর রহমান জানান, বেগুন-মরিচ চাষ করতে খরচ হয়েছে ৮০ থেকে ৮৫ হাজার টাকা। আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব সময় সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামীতেও সার্বক্ষণিক তার পাশে থেকে সহযোগিতা করা হবে। খোরপোষ কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্ত ক্ষেত্রে ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ কৃষক হিসেবে নির্বাচিত করা হয়।
