

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির আঙ্গিনায় আদা চাষের আড়ালে অভিনব কায়দায় গাঁজার চাষ করে আবু তালেব (২৭) নামে এক যুবক। সন্ধান পেয়ে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, ওই এলাকায় বাড়ির আঙ্গিনায় আদা চাষের আড়ালে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গভীর রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসত বাড়ির আঙ্গিনায় আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
