×

বিরলে অবৈধ মজুদ: ১৩৯১ বস্তা সার জব্দসহ জরিমানা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎অবৈধ মজুদের অভিযোগে দিনাজপুরের বিরলে দিনব্যাপী অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও কৃষি বিভাগ। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে চারজন সার ডিলারকে এক লক্ষ দুই হাজার টাকা জরিমানা ও একটি সার গুদাম সিলগালা করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম মেসার্স শাহির ট্রেডার্স (লাইসেন্স নং ৬০২৪) এর স্বত্বাধিকার মো. নাসিম ইকবাল খোকনকে অবৈধভাবে সার মজুদ করার দায়ে ৭৮২ বস্তা সার জব্দ করেন। যার মধ্যে টিএসপি ৪৪৬ বস্তা, ডিএপি ২৭৬ বস্তা, এমওপি ৪৬ বস্তা ও ইউরিয়া ১৪ বস্তা। এছাড়া অবৈধ মজুদের দায়ে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
‎রাতেই তিনি পার্শ্ববর্তী একই এলাকায় লাইসেন্স বিহীন খুচরা বিক্রেতা মো. আলিম এর দোকানে অবৈধভাবে মজুদকৃত ১৭ বস্তা সার যার মধ্যে টিএসপি ৭ বস্তা, এমওপি ৭ বস্তা ও ডিএপি ৩ বস্তা জব্দ করে দুই হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
‎এছাড়াও উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন মেসার্স নবাব ট্রেডার্স (লাইসেন্স নং ৬০৮৭) এর স্বত্বাধিকার মশিউর রহমান এর দোকানের দুইটি ঘরে নিবন্ধন ব্যতীত ৮২ বস্তা সার জব্দ করেন, যার মধ্যে ডিএপি ৩২ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা, এমওপি ২৫ বস্তা। এসময় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।
চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্স (বিসিআইসি ডিলার) স্বত্বাধিকার মো. হাসেম এর ভাই মো. জাহাঙ্গীর আলমের অবৈধভাবে মজুদকৃত ৫১০ বস্তা সার, যার মধ্যে ডিএপি ১০৩ বস্তা ও এমওপি ৪০৭ বস্তা জব্দ করেন। একই সাথে তাকে চল্লিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
‎নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জব্দকৃত সার সরকারী মূল্যে কৃষকদের নিকট বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য বিরল উপজেলা কৃষি অফিসার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারকে নির্দেশ দেন। রাতে জব্দকৃত সারসমূহ বিক্রয় এবং একটি গোডাউন সীলগালা করে রাখা হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।