×

পূজার ছুটি শেষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ফের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটানা সাতদিন বন্দরে বানিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় বিভিন্ন ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। অন্যদিকে বাংলাদেশ থেকেও রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে গেছে। ফলে বন্দর ব্যবহারকারীদের মাঝে স্বাভাবিক কার্যচাঞ্চল্য ফিরে এসেছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৭-২৩ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ভারতীয় ব্যবসায়ীরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিল।
ব্যবসায়ী এই নেতা আরও জানান, একটানা ৭দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডের কার্যক্রমও সমান তালে চলছে। এতে করে বন্দরে গতি ফিরেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, বন্দরে সীমান্ত বানিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম স্বাভাবিক ছিল। সপ্তাহের সাতদিনই বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করতে পারেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চালু থাকে।
বন্দরের বেসরকারী ওয়্যার হাউজ পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড সূত্র জানায়, দীর্ঘ ৭দিন বন্ধের পর আজ থেকে পুনরায় বন্দর ব্যবহারকারীদের মাঝে স্বাভাবিক কার্যচাঞ্চল্য ফিরেছে। পণ্য লোড-আনলোডের কার্জ স্বাভাবিক নিয়মে চলছে।
টানা সাতদিন বন্ধের পর স্বস্তি ফিরেছে বন্দরে পণ্য লোড-আনলোডের কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে। তাদের একজন মো. নূর হোসেন জানান, পোর্ট বন্ধ থাকায় কোন রোজগার ছিল না। এই কয়দিন যে কয়েক টাকা গচ্ছিত ছিল তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। উপরন্তু অন্যের কাছে কর্জ নিতে হয়েছে। কাজ শুরু হয়েছে। আমরা শ্রমিকেরা খুশি হয়েছি।
এদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস (উপ-কমিশনার) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পূজা ও সাপ্তাহিক ছুটি শেষে শনিবার থেকে বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ে পণ্যগুলো খালাসের জন্য কাস্টমস কর্তকর্তারা দায়িত্ব পালন করছেন।