

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থমকে গেল সড়কে, শোকে স্তব্ধ স্বজনসহ এলকার মানুষ। যে মেয়েকে নিয়ে বাবা-মা দেখেছিলো হাজারো স্বপ্ন, যে মেয়ের বদৌলতে পাল্টে যেতে পারত একটি পরিবারের ভাগ্য, সেই প্রিয় সন্তানের জীবন অকালেই ঝরে গেল সড়ক দুর্ঘটনায়, পথেই হারালো প্রাণ।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মকবুল ইসলাম ও রুখসানা দম্পতির আদরের মেধাবী মেয়ে ছিল মনিরা আক্তার।
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে নিজের মেধা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছিলো মেয়েটি। সে সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উচ্চ শিক্ষার পথে ছিল তার যাত্রা। কিন্তু পূজার ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে গতকালের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট-ব্রাহ্মনবাড়িয়া সড়কে থেমে গেল তাঁর পথচলা, নিভে গেল পরিবারের কাংখিত স্বপ্ন। মারা গেল মনিরা আক্তার। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা, আত্মীয় স্বজন ও পুরো এলাকাবাসী।
একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের অপূরণীয় ক্ষতি, তাই শোকাহত সমগ্র উপজেলা। আজ রোববার দুপুরের পর তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছামাত্র হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিকালে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
