পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (মঙ্গলবার) সকালে ৩টি স্থানে অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় পলাশবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন, পলাশবাড়ী উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডের ছোট হরিণমারী গ্রামের মৃত বরিজ উদ্দিনের পূত্র কাশেম মিয়া (৫০) কে দেড় বছর বিনাশ্রম ও উপজেলার মহদীপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মো. মন্টু মিয়ার পুত্র সোহেল মিয়া (২৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উভয়কে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। দেড় বছর কারাদণ্ড প্রাপ্ত কাশেমের বসত বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজা এবং উভয়ের নিকট হতে সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। দন্ড প্রদান শেষে উক্ত দু’জনকে গাইবান্ধা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
