শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরের পাঁচবাড়ী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্রী আহত হওয়ার পর গতিরোধকের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে উভয় পাশে বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে। পরে গতিরোধ দেওয়ার আশ্বাস পেয়ে অবেরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়ের সামনে ওই কলেজের শিক্ষার্থী মিতু রায় (১৭) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। শিক্ষার্থী মিতু রায় ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মিতু রায় ইজিবাইক থেকে নেমে মহাসড়ক পার হয়ে কলেজে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিতু রায়কে ধাক্কা দেয়। এতে মিতু রায় মহাসড়কের ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। এসময় মোটরসাইকেল চালক পালিয়ে যায়। শিক্ষার্থী ও এলাকার লোকজন দেখতে পেয়ে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে মেডিক্যাল কলেজে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে বেসরকারি চেকআপ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ তার সহপাঠীরা কলেজের দুইপাশে মহাসড়কে গতিরোধক দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্থানীয় শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ, কোতয়ালী থানার ওসি মতিয়ার রহমান ও কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করে গতিরোধ দেওয়ার কাজ শুরু করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ বিষয়টি নিশ্চিত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This