শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাল্যবিবাহ প্রতিরোধে সৈয়দপুরে প্রদর্শিত হল পথনাটক “মইরমের বিয়ে”

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
শহরের বস্তি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পথনাটক “মইরমের বিয়ে” পরিবেশিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় পৌরশহরের বাঁশবাড়ি ক্যাম্পের হানিফ মোড়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিখন কেন্দ্র ধ্রুবতারা ডাম ইউসিএলসির শিক্ষার্থীরা এ পথনাটক পরিবেশন করেন।
কাপ-আপ প্রকল্পের কালচারাল ইন্সট্রাক্টর অলিরাজ রেজা’র রচনা ও পরিচালনায় “মইরমের বিয়ে” নাটকে মইরমের চরিত্রে অভিনয় করেন সাগরিকা ও স্বামীর চরিত্রে প্রমী আনসারী। এছাড়া, অন্যান্য চরিত্রে অভিনয় করেন শাবনুর, আলিয়া, নাজিয়া, সাদ, আফসানা, সানিয়া, জীবন, সামসাদ, সামসা ও পপি। যন্ত্রসংগীতে ছিলেন শিক্ষার্থী রহমত ও ফাইজান।
পথনাটক চলাকালে দর্শকসারিতে থেকে স্থানীয় জনপ্রতিনিধিসহ বাঁশবাড়ি ক্যাম্প এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ নাটিকা উপভোগ করেন। বাল্যবিবাহের ফলে একজন নারীর শারীরিক, মানসিক ও সাংসারিক সমস্যা, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে নিজের ও সন্তানের শারীরিক সমস্যার চিত্র এ পথনাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন ক্ষুদে শিক্ষার্থীরা।
আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে কাপ-আপ প্রকল্পের মাধ্যমে সৈয়দপুর পৌরশহরের বস্তি এলাকায় পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে শিখন কার্যক্রম চলছে। শহরে ২৫ টি শিখন কেন্দ্রের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিখন কার্যক্রম বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন।
পথনাটক দেখতে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুর আলম, ঢাকা আহ্ছানিয়া মিশনের টেকনিকাল অফিসার বিল্লাল হোসেন, সুপারভাইজার জাহাঙ্গীর আলম, ধ্রুবতারা ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন মাশাসহ, প্রকল্পের শিক্ষক কল্পনা খাতুন, তিথি আক্তার ও বিলকিস আক্তার প্রমুখ।
পথনাটক পরিবেশনা বিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ডের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ জানান, সৈয়দপুরের বস্তি এলাকায় কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ে হওয়ার প্রবণতা বেশি। এ সমস্যা উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ডের আওতায় শিখন কেন্দ্রের ক্ষুদে শিক্ষার্থীরা পৌরশহরের বিভিন্ন বস্তি এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পথনাটক করছে। আগামীতে প্রকল্পের আওতায় শহরের ৫টি শিখন কেন্দ্রের শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরণের পথনাটক করবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This