পূনর্বাসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


দিনাজপুর প্রতিনিধি
শহরের বাঙ্গীবেচা ঘাট মানবপল্লী’র শত শত ভূমিহীন পরিবারের সদস্যরা তাদের দ্রুত বসতবাড়ি’র দাবিতে আজ রবিবার সদর উপজেলায় মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
ভূমিহীন সংগঠন এর সভানেত্রী মোছা. রেহেনা বেগম, সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা বলেন, আমরা ১৪০ জন ভূমিহীন পরিবার ৮০ জন হিজড়া দীর্ঘ ১৫ বছর ধরে বাঙ্গীবেচা ঘাট সংলগ্ন মানব পল্লীতে বসবাস করে আসছিলাম। কিন্তু গত ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতা ও পাশাপাশি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. পাভেল এর নেতৃত্বে অসংখ্য দুষ্কৃতিকারী মাইকে আহবান করে আমাদের প্রায় ৫শ জনগণের উপর হামলা চালিয়ে আমাদের বসতবাড়ি, গবাদি পশু, আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। আমরা ভূমিহীন সর্বহারা খেটে খাওয়া মানুষ। বর্তমানে আমাদের খাবারের অভাবে নদীর পানি পান করে জীবন-যাপন করতে হচ্ছে। এব্যাপারে আমরা জেলা প্রশাসক ও ইউএনও সদর বরাবর আবেদন করেও কোন সুবিচার পাচ্ছি না। আজকের মানববন্ধন ও স্মারকলিপিতে আমাদের দ্রুত পূনর্বাসন করতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠন এর সভানেত্রী মোছা. রেহেনা বেগম, সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী আজমিরা খাতুন মিস্টি, সিডিএ কর্মী তামান্না খাতুন, ভূমিহীন নেতা জহুরুল ইসলাম ও শফিকুল ইসলাম।
