শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের বার্তা নিয়ে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে কেন্দ্রীয় ছাত্রদল

গাইবান্ধা প্রতিনিধি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের মাধ্যমে আগামীদিনে একটি গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদা সম্পন্ন ও সামাজিক সুবিচারপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশায় ছাত্র-ছাত্রীদের মতামত সংগ্রহে গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। আজ বুধবার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও জামিল হোসেন মুরসালিন। মতবিনিময়কালে তারা শিক্ষার্থীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং তার পরিকল্পনার আলোকে ছাত্ররাজনীতিতে সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের মতামত শুনেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন এবং জানতে চান শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ প্রত্যাশা করেন। শিক্ষাব্যবস্থার কাঠামোগত সমস্যাগুলো তুলে ধরতে শিক্ষার্থীদের উন্মুক্ত মতামত গ্রহণ করেন এবং নারীদের শিক্ষার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This