শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জেলা পরিষদের ডাক বাংলোর প্রবেশ পথের বেহাল দশা


নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি কলেজের পেছনে জেলা পরিষদের ডাক বাংলোর প্রবেশ পথটি দীর্ঘদিন মেরামত না করায় বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটির উপরের কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বের হয়ে গেছে। রাস্তাটি একই সাথে ফুলবাড়ীর অন্যতম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের একমাত্র পথ। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না করায় অনেকটা মাটির সাথে মিশে গেছে।
জেলা পরিষদ ডাক বাংলোর উত্তর পূর্ব দিকে বিশাল গেইট থাকলেও সেই দিক দিয়ে ছোট যমুনার নতুন ব্রিজের পশ্চিম পাশে মহাসড়কে সংযোগ সড়ক করার পরিকল্পনা থাকলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এতে সরকারি বেসরকারি কর্মকর্তারা এই ভাঙ্গা রাস্তা দিয়ে ডাক বাংলোটিতে যাতায়াত করছেন। সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন। মূল রাস্তা না থাকায় ডাক বাংলো যাওয়া অনেকটা কষ্টসাধ্য। রাস্তার দুই পাশে ঝোঁপ ঝাঁড়, ময়লার ভাগাড়ে মলমূত্রের দুর্গন্ধে কেউ প্রবেশ করতে চান না। সন্ধ্যা হলেই রাস্তাটিতে মাদকসেবিদের আড্ডা শুরু হয়। বর্তমান প্রবেশ পথটিও সরকারি কলেজের বলে দাবি করেন কলেজ কর্তৃপক্ষ।
মহাসড়ক থেকে সংযোগ সড়কের পরিকল্পনাটি বাস্তবায়িত না হলে জেলা পরিষদের ডাক বাংলোটি বছরের পর বছর এভাবেই পড়ে থাকবে। এ ব্যাপারে ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিক মহল, সুধিজন, সাংবাদিক ও ব্যবসায়ী মহল দ্রুত মূল রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This