

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত ও অপর ট্রাকের চালক ও হেল্পার আহত হয়েছেন।
আজ রোববার সকাল পৌনে ১০ টার দিকে জয়পুরহাটের কালই পৌর শহরের পাঁচশিরা বাজারের অদূরে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক এনামুল হক (৪৫)জয়পুরহাট শহরের একাডেমী নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়ক দিয়ে ওই দু’টি মালবাহী ট্রাক দ্রুতগতিতে বিপরীত দিকে যাচ্ছিল। পথে কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারের অদূরে ব্র্যাক অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে দু’টি ট্রাকেরই সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক এনামুল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত অপর ট্রাকের চালক ও হেল্পারের পরিচয় জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
