বীরগঞ্জে সিলগালা করা কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ চুরি


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে রাহবার কোল্ড ষ্টোরেজে দুর্ধর্ষ চুরি হয়েছে। এতে আহত হয়েছেন দুই নিরাপত্তা কর্মী।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতোর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সংলগ্ন বটতলী রাহবার কোল্ড ষ্টোরেজ আলু সংরক্ষণের হিমাগারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি কৃষক ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী হিমাগারটি সিলগালা করে রেখেছেন।
মুখোশধারী ৮-১০ জনের চোরের দল কোল্ড ষ্টোরেজের পিছনের প্রাচীরে একটি লোহার মই ব্যবহার করে ভিতরে ঢুকে, যা সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত রয়েছে।
রাহবার কোল্ড স্টোরেজ এর দায়িত্বরত ম্যানেজার রুবেল ইসলাম ও সিনিয়র অপারেটর আব্দুর রাজ্জাক জানান, চোরের দল আনুমানিক রাত পৌনে ২টার দিকে মেশিন রুমে ঢুকে ২ জুনিয়র অপারেটর ইমতিয়াজ ও আজাদ কে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদেরকে বেঁধে রেখে মারপিট জখম করে এরপর ২ ঘন্টা ব্যাপী চুরি সংঘটিত করে।
ম্যানেজারের দেওয়া তথ্য মতে, সংঘবদ্ধ চোরের দল প্রায় ১৭-১৮ লক্ষ টাকার ক্যাবল, ব্যটারীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বীরদর্পে বেরিয়ে যায়।
তিনি আরো জানান, দুইজন নৈশ প্রহরী অমূল্য ও নজরুল সামনের দিকে অবস্থান করছিল এবং তারা কিছুই বুঝে উঠতে পারনি।
আহত আজাদ ও ইমতিয়াজ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিব।
