×

বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করায় ছাত্রলীগ কর্মী আটক

 

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুইটহার্ট লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে নাবিল হোসেন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নাবিল হোসেন বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। গতকাল রোববার রাতে বিরামপুর পৌরশহরের বড়মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
নাবিল হোসেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য। তাকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আনুমানিক ৫টার দিকে নাবিল হোসেন তার ফেইসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে সুইটহার্ট লেখা ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেইসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। সে লিখেছিল “তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করবো”। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় আটক করা হয়েছে। সোমবার আটক আসামীকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।