শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধ ঘরে ফ্যানের সাথে ঝুলছে মা, পাশেই কাঁদছে দুই বছরের সন্তান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের চক্কবীর মীরপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে আজ শুক্রবার সকাল ৯ টায় রিফা আক্তার (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঝুলন্ত গৃহবধূর পাশে দুই বছরের অবুঝ সন্তানের কান্নার হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়।  গৃহবধূ রিফা আক্তার ওই গ্রামের সৈয়দ পলাশ আলমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, চক্কবীর মীরপাড়া গ্রামের সৈয়দ তরিকুল ইসলামের ছেলে সৈয়দ পলাশ আলমের স্ত্রী রিফা আক্তার দু বছরের বাচ্চা সহ শশুরবাড়িতে থাকত। সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে বন্দর নগরী চট্টগ্রামে থাকেন। প্রতিদিনের মত সেহরীর পর সবাই ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বন্ধ ঘরে রিফা আক্তারের বাচ্চার অস্বাভাবিক কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন তার শ্বাশুড়ী। কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন ঘরের অস্থায়ী আউটার জানালা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহতের শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে বউ সহ কুমিল্লায় থাকে। ছোট ছেলে সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। বাড়িতে আমার স্ত্রী, আমি, ছোট ছেলের বউ আর দুই বছরের নাতি বসবাস করি। ছেলের বউ ভোর রাতে সবাইকে সেহরীর জন্য ডেকে দেয়। আমরা সেহরী করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। সকালে কাজের জন্য গ্রামের অন্য প্রান্তে গেলে লোকজনের মুখে ছেলের বউয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি। বাসায় কোন ঝামেলা না থাকায় তার মৃত্যুর কারণ বুঝতে পারছিনা বলেও জানান তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে ঘরের ফ্যানের সাথে ওরনা বাঁধা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This