শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধ হলো বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
কয়লার মজুদ শেষ হওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করা হয়েছে। ভূগর্ভের ১৩০৫ কোল ফেইসের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) এর মজুদ শেষ হওয়ায় আজ সোমবার দুপুর ১২টায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলে আবারও উত্তোলন শুরু হবে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারী থেকে খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়, যা জুন মাস পর্যন্ত উত্তোলন চলে। এই সময়ের মধ্যে ওই ফেইস থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ওই ফেইসে কয়লার মজুদ শেষ হওয়ায় নতুন ফেসে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন সাময়িক বন্ধ করা হয়েছে।
খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, ১৪০৬ নতুন ফেইস নির্মাণ এবং পুরাতন ফেইস থেকে সকল যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে আগামীকাল মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে ১৪০৬ নতুন ফেইজের উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। তিনি বলেন, ১৪০৬ নতুন ফেইসে যন্ত্রপাতি স্থাপন শেষে চলতি আগামী আগষ্ট মাস থেকে নতুন ফেইস থেকে আবারও কয়লা উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে। ধারণা করা হচ্ছে, ১৪০৬ নতুন ফেইস থেকে প্রায় ৩ লাখ ৪৬ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে।
এদিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য আপৎকালিন মজুদ হিসেবে তাদের কয়লা ইয়ার্ডে বর্তমানে প্রায় ৪ লাখ ৭০ হাজার টন কয়লা মজুত রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১নং ও ৩নং ইউনিটটি সচল রয়েছে, যা থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২নং ইউনিটটি বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার জানান, খনির কয়লা উত্তোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নতুন ফেইস তৈরী করতে সাময়িক ভাবে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। অতিদ্রুত উন্নয়ন কাজ শেষে নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This