

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় এক নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয় লোকজনের তৎপরতায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই নারী ও শিশু সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে বিজিবি।
আজ বিকেল ৪টার দিকে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। সীমান্তের মেইন পিলার ৩০৩/৫-এস থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
পুশইনের শিকার দুজন হলেন ভারতের আজমীর জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম (৪০) ও তাঁর মেয়ে আলেয়া (৮)।
স্থানীয় সূত্র জানায়, ভোরে বিএসএফের সদস্যরা এক শিশুসহ দুজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। এ সময় শূন্যরেখায় তাঁদের মারধর করা হয় বলেও স্থানীয়দের অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও স্থানীয় লোকজনের তৎপরতায় তাঁরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে তাঁরা শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।
স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, ওই নারী ও শিশুর কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে। সকালে বিষয়টি জানতে পেরে তিনি বিজিবিকে অবহিত করেন। পরে তাঁরা সীমান্তের বানাহার এলাকায় অবস্থান নেন।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভোরে বিএসএফ ২ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনগনের তৎপরতায় তা ভেস্তে যায়। বর্তমানে তারা শুণ্য রেখায় অবস্থান করছে। এব্যাপারে বিজিবি ও বিএসফের মধ্যে পতাকা বৈঠক চলছে। #
