×

প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

বগুড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহানগরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় শোভাযাত্রা পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এমপি। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বাদশা বলেন, বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ করে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে জনগণের সমর্থন অর্জন করেছে বিএনপি। দেশের গণতন্ত্র যখন সুরক্ষিত তখন একটি গোষ্ঠী বিএনপিকে আন্দোলনের ভয় দেখায়। যে দলের জন্ম রাজপথে সে দলকে উন্নয়নের অগ্রযাত্রায় আন্দোলনের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আতাত করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানান সাংসদ বাদশা। তিনি বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য রাজপথে সকলকে প্রস্তুত থাকতে হবে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।
সমাবেশ শেষে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, মাত্র ৭ মাসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেভাবে সংসদ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে বিচরণের মাধ্যমে একের পর এক উন্নয়ন সাধন করে যাচ্ছেন তাতে ঈর্ষান্বিত হয়ে দেশে বিদেশে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে যা শক্ত হতে আমাদের সকলকে প্রতিহত করতে হবে। তারা বলেন, ইতোপূর্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বগুড়ায় যুবদলের সকল ইউনিটের নেতাকর্মী রাজপথে সম্মুখ সারিতে ভূমিকা রেখেছে। যুবদল কখনো মামলা হামলার ভয় করেনা। তাই দেশের গণতন্ত্র বিনষ্ট করতে যদি কেউ আন্দোলনের হুমকি দেয় তা মোকাবেলার জন্য যুবদল যথেষ্ট। প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য তারা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা যুবদলের শীর্ষ এই দুই নেতা বলেন, তাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করতে জানেন। তাই দেশের বৃহত্তর স্বার্থে সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবদলের সকল কর্মীকে সর্বদা রাজপথে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন তারা।