×

সাদুল্লাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভিক জাহান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শম্ভুচরণ দাস ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হলে গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু পালন এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন খামারি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজন আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।