

দেশ ক্রীড়া ডেস্ক
দুইবার গোল করলেন তবে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হলো দুটোই! তবে ক্রিস্টিয়ানো রোনালদো তো হাল ছাড়ার পাত্র নন। এদিনও ছাড়েননি, এরপর ঠিকই আদায় করে নেন বৈধ দুই গোল। তাতে আল নাসর জয় পেলো আর নতুন দুটি রেকর্ডে নিজের নাম লেখালেন ৩৯ বছর বয়সী মহাতারকা।
সোমবার সৌদি প্রো লিগের এবারের মৌসুমের শেষ দিনে আল ইত্তিহাদকে ৪–২ গোলে হারায় আল নাস্র। দুই অর্ধে দুটি গোল করেন রোনালদো। আগেই নিশ্চিত করেছিলেন লীগে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন। এবার শেষ ম্যাচে ছাড়িয়ে গেলেন সৌদি লিগের ইতিহাসে সবাইকে।
এবারের মৌসুমে লীগে ৩৫ গোল করেছেন রোনালদো। এটি এই লীগের ৪৮ বছরের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ২০১৮–১৯ মৌসুমে আল নাসরের হয়েই মরক্কোর ফরোয়ার্ড আব্দের রাজ্জাক হামাদাল্লাহর করা ৩৪ গোল ছিল আগের রেকর্ড। গত মৌসুমে রোনালদো এই লীগে পা রেখেছিলেন মৌসুমের মাঝামাঝি। নিজের প্রথম পূর্নাঙ্গ মৌসুমেই সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন এই পর্তুগিজ সুপারস্টার।
এর সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১১ গোলে। হ্যাটট্রিক করেছেন তিনি চারটি।
একই দিনে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। ভিন্ন চারটি লীগে নির্দিষ্ট মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনিই। ইউরোপের তিন শীর্ষ লীগ, ইংলিশ প্রিমিয়ার লীগ, লা লিগা ও সিরি আ হয়ে সৌদি প্রো লীগেও তিনি গোলের তালিকায় নিজেকে সবার ওপরে রাখলেন।
এদিন ম্যাচের প্রথমার্ধের শেষদিকে দলকে এগিয়ে দেন রোনালদো। মোহাম্মেদ আল–ফাতিলের লম্বা পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে বক্সের ভেতরে ঢুকে গড়ানো শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ৬৬তম মিনিটে সালিম আল–মানহালি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল ইত্তিহাদ। মিনিট তিনেক পরই কর্নার থেকে হেড করে দ্বিতীয় গোলটি করেন রোনালদো ।
ম্যাচের ৭৯তম মিনিটে আবার গোলের উল্লাসে মাতে নাসর। পেনাল্টি থেকে গোল করেন আব্দুল রাহমান ঘারিব। এরপর ৮৮তম মিনিটে ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুটি গোল করে ম্যাচে প্রবল নাটকীয়তায় ফেরায় আল ইত্তিহাদ। তবে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা। বরং যোগ করা আট মিনিটের পঞ্চম মিনিটে মেশারি আল–নেমেরের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে নাসর।
রোনালদোর অসাধারণ পারফরম্যান্সের পরও মৌসুমটি আল নাস্রের জন্য ছিল হতাশাজনক। সৌদি প্রো লীগে তারা রানার্স আপ হয়েছে। ৩৪ ম্যাচে ৯৬ পয়েন্ট নিয়ে আগেই চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। আল নাস্রের পয়েন্ট ৮২। তিনে থাকা আল আহলির পয়েন্ট ৬৫।
