বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উজান থেকে নেমে আসা পানিতে পীরগঞ্জে ডুবছে বোরো ধান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে হঠাৎ বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির চাপে উপজেলার মদনখালী ইউনিয়নের বারুদহ্ এলাকার বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মদনখালী ও কুমেদপুর ইউনিয়নের বারুদহ (বড়দহ) এলাকা দিয়ে চৈত্রকোল, ভেন্ডবাড়ী ও কুমেদপুর ইউনিয়নের এক অংশের পানি আখিরা নদীতে এসে মিলিত হয়। উপজেলা সদরের বড়বিলায় স্লুইস গেট তৈরী করে আখিরা নদীর পানি বন্ধ করা হয়। ফলে ওই এলাকাগুলোর শতধিক বিঘা জমির ধান পানিতে ডুবে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পানি ক্রমাগত বাড়তে থাকায় পাকা ও আধাপাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। সম্পূর্ণ ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য অনেকেই বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন। বারুদহ এলাকার বগেরবাড়ির কৃষক আবুল খায়ের বলেন, “দিন দিন পানি বাড়তেই আছে। আমরা বাধ্য হয়ে কাঁচা ধান কাটতেছি, না হলে সব পানির নিচে চলে যাবে।”
একই এলাকার তাজুল ইসলাম বলেন, “এভাবে পানি বাড়তে থাকলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, “পীরগঞ্জের স্লুইস গেট বন্ধ থাকায় পানি নামতে পারছে না। আমাদের ধান পুরো পানির নিচে। দ্রুত গেট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “উজানের পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS