

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অস্থায়ী জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১ হাজার ৫১৭ জন প্রার্থী অংশ নেন।
আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে তিনটি কেন্দ্রে একযোগে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে সুপারভাইজার পদের এবং সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সাদুল্লাপুর কে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য সংগ্রহকারী পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাকরিপ্রত্যাশীদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। পরীক্ষা যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। নির্বাচিতরা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।”
পরীক্ষা শেষে প্রার্থীরা আশা প্রকাশ করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
