

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“শিশুরা ফুলের মতো, যত্নে ফুটবে ভালো” — বীরগঞ্জে সমমনা এনজিও, অন্যান্য এনজিও প্রতিনিধি ও যুব সংগঠনের প্রধানদের নেটওয়ার্কিং ও শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প অফিস হলরুম, বীরগঞ্জে মারিয়া মালোর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবার্ট কমল সরকার, এডিপি ম্যানেজার, বীরগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; মারিয়া মালো, স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার, বীরগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং অশিক চকিদার, ম্যানেজার, বিওয়াইএফসি, বীরগঞ্জ, দিনাজপুর।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফারহানা সিদ্দিকী, প্রজেক্ট অফিসার, ইএসডিও, প্রাইড প্রজেক্ট, বীরগঞ্জ; মাসুদুজ্জামান জুয়েল, এপিও, জেএসডিএস এমপাওয়ার প্রজেক্ট, বীরগঞ্জ; ধর্ম নারায়ণ রায়, সেন্টার ম্যানেজার, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, বীরগঞ্জ; মো. মোস্তাকিম ইসলাম, সভাপতি, দিক যুব কল্যাণ সংঘ, ১০ নং মোহনপুর, চকমহাদেব, লাটের হাট, বীরগঞ্জ; মধু বাবু, সাধারণ সম্পাদক, সচেতন যুব কল্যাণ সংস্থা; মো. নূরনবী ইসলাম, সভাপতি, বীরগঞ্জ যুব ফোরাম, বীরগঞ্জ এবং পয়গাম আলী, আঞ্চলিক সমন্বয়কারী, সিডিএ, বীরগঞ্জ।
সভায় বক্তারা বলেন, শিশুরা ফুলের মতো কোমল। সঠিক যত্ন, ভালোবাসা ও নিরাপদ পরিবেশ পেলেই তারা সুন্দরভাবে ফুটে উঠবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু একটি সংস্থার কাজ নয়,বরং সরকারের সাথে একাত্ম হয়ে এনজিও, অভিভাবক ও সুশিল সমাজের সকলের দায়িত্ব।
সভায় শিশু সুরক্ষা, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুদের নিরাপদ রাখতে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করা এবং শিশুদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ আশ্রয় ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু এখনো অনেক শিশু দারিদ্র্য, বাল্যবিয়ে, শিশুশ্রম, ঝরে পড়া, শারীরিক ও মানসিক নির্যাতন এবং অনলাইন হয়রানির শিকার হচ্ছে। একটি শিশু যখন নির্যাতনের শিকার হয়, তখন শুধু তার শৈশবই নষ্ট হয় না, তার পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।
এজন্য শিশুদের সাথে কাজ করার সময় শিশু সুরক্ষা নীতি মেনে চলা, শিশুর সাথে সম্মানজনক আচরণ করা, শিশুর মতামতকে গুরুত্ব দেওয়া এবং কোনো অবস্থাতেই শিশুকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ না করানো – এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, শিশুদেরকে শুধু সাহায্য দিলেই হবে না, তাদেরকে সচেতন করতে হবে। শিশুকে শেখাতে হবে কোনটা ভালো স্পর্শ, কোনটা খারাপ স্পর্শ, বিপদে পড়লে কোথায় যাবে, কাকে বলবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে, যাতে তারা সন্তানকে বাল্যবিয়ে না দেয়, স্কুল থেকে ঝরিয়ে না দেয় এবং শিশুশ্রমে না পাঠায়।
সভায় বীরগঞ্জ উপজেলায় শিশুদের নিয়ে যেসব কাজ করা হবে, সে বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে – শিশুদের শিক্ষা ও ঝরে পড়া রোধে কাজ করা, শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান বিষয়ে সচেতন করা, বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়া, শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করা, শিশুদের অধিকার বিষয়ে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সচেতন করা এবং বিপদগ্রস্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের পাশে দাঁড়ানো।
এছাড়াও যে সকল এনজিও ও যুব সংগঠন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে, তাদেরকে শিশুদের নিয়ে সঠিকভাবে কাজ করার জন্য জোরালো নির্দেশনামূলক আলোচনা করা হয়। সকল সংগঠন যাতে শিশু সুরক্ষা নীতি মেনে, একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা শেষে উপস্থিত সকলে শিশুদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও শোষণমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রকল্পসহ কার্যক্রম বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সাথে এই বিষয়সমূহ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য বীরগঞ্জ উপজেলায় একটি কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যাতে আগামী দিনে আরো শিশুদের নিয়ে প্রতিটি এনজিও, সংগঠনদের সমন্বয়ে ভালো কিছু করা যায়। এ অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
